ওমানের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি, ধূলিঝড় ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে একাধিক সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। সম্ভাব্য বৈরী আবহাওয়ার বিষয়ে জনগণকে সতর্ক থাকতে এবং সর্বশেষ পরিস্থিতি জানতে অধিদপ্তরের ওয়েবসাইট ও অ্যাপে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকে আল হাজার পর্বতমালা ও এর আশপাশের এলাকাগুলোতে মাঝারি মাত্রার বজ্রসহ বৃষ্টি ও নিম্নমুখী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আল মাজিওনা ও থামরাইতে সীমিত পরিসরে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সালালাহ, তাগাহ, মিরবাতসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
আরও
বৃষ্টির পাশাপাশি ধূলিঝড় ও কুয়াশার সতর্কতাও দেওয়া হয়েছে। সকাল থেকেই আল দাহিরাহ, আল দাখেলিয়াহ, আল উস্তা এবং ধোফারের মরুভূমি ও উন্মুক্ত অঞ্চলগুলোতে মাঝারি মাত্রার ধূলিঝড় বয়ে যেতে পারে। আরব সাগরের উপকূলীয় এলাকাগুলোতেও সক্রিয় বাতাসের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করবে বলে জানানো হয়েছে। এছাড়া রাতের দিক ওমান সাগরের উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা ওইসব অঞ্চলে দৃষ্টিসীমা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারে।










