বিশ্বের প্রায় ১০০টি দেশের নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। তবে প্রকাশিত ১০০ দেশের তালিকায় প্রতিবেশী দেশ ভারতের নাম থাকলেও জায়গা হয়নি বাংলাদেশের। নতুন এই সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকেরা ১৪ দিনের জন্য বিনা খরচে ওমান ভ্রমণের সুযোগ পাবেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই চাইলে এটিকে পরিবর্তন করে অন্য যেকোনো ধরনের ট্যুরিস্ট ভিসায় রূপান্তর করার সুযোগ রাখা হয়েছে।
এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পাশাপাশি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশের নাম রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও ইতালির মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সব দেশের নাগরিকরাই এই ১৪ দিনের ফ্রি ভিসা সুবিধা উপভোগ করতে পারবেন। তালিকায় বাংলাদেশের নাম না থাকায় এই সুবিধা পাবেন না বাংলাদেশিরা।
এই ফ্রি ভিসা সুবিধা পাওয়ার জন্য ভ্রমণকারীদের বেশ কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে অন্যতম হলো, ভ্রমণকারীর পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে। একই সঙ্গে ওমানে পৌঁছানোর পর কোথায় থাকবেন, তার জন্য নিশ্চিতকৃত হোটেল বুকিংয়ের প্রমাণপত্র এবং দেশে ফিরে যাওয়ার বা অন্য গন্তব্যের ফ্লাইটের টিকিট দেখাতে হবে। পাশাপাশি ভ্রমণকালীন সময়ের জন্য একটি বৈধ স্বাস্থ্য বীমা এবং ওমানে অবস্থানের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও ভ্রমণকারীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে।









