ওমানের পর্যটন খাতে অভাবনীয় প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পা রেখেছেন ১৮ লাখ বিদেশি পর্যটক। এর মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী এসেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে, যার সংখ্যা প্রায় ৪ লাখ ৯১ হাজার। এছাড়া শীর্ষ পাঁচে থাকা অন্য দেশগুলো হলো ভারত, জার্মানি, ইয়েমেন ও চীন। বিশ্ব পর্যটনে অন্যতম বৃহৎ বাজার চীনের পর্যটকদের উপস্থিতিও এবার বিশেষভাবে নজর কেড়েছে। মাত্র ছয় মাসেই ৪৮ হাজারেরও বেশি চীনা নাগরিক ওমান ভ্রমণ করেছেন।
পর্যটকদের এই বিপুল সমাগমে দারুণ চাঙা হয়ে উঠেছে ওমানের আবাসন খাত। দেশটির তিন থেকে পাঁচ তারকা মানের হোটেলগুলোতে এই সময়ে প্রায় ১০ লাখ অতিথি অবস্থান করেছেন, যাদের সম্মিলিত রাত্রিযাপনের সংখ্যা ১৫ লাখেরও বেশি। হোটেলগুলোর গড় বুকিং বা অকুপেন্সি রেট ছিল ৪৬ দশমিক ৩ শতাংশ। এর ফলে কেবল রুম ভাড়া থেকেই আয় হয়েছে ১২ কোটি ৪২ লাখ ওমানি রিয়াল। মাসকাট, ধোফার ও নর্থ আল বাতিনার মতো প্রদেশগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের দারুণ ভিড় ছিল।
আকাশপথেও ওমানে মানুষের যাতায়াত ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে ২২ হাজারেরও বেশি ফ্লাইটে ২৫ লক্ষাধিক যাত্রী ওমানের বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেছেন। ওমানে প্রবেশ করা শীর্ষ যাত্রীদের তালিকায় ভারতীয়, ওমানি ও পাকিস্তানিদের পাশাপাশি বাংলাদেশিরাও রয়েছেন। পরিসংখ্যান বলছে, এই ছয় মাসে ২১ হাজার ৮৭ জন বাংলাদেশি ওমানে প্রবেশ করেছেন। অন্যদিকে, একই সময়ে ওমান থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রায় ৪১ লাখ ২০ হাজার মানুষ।











