হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও অন্যান্য জাহাজের জন্য একটি অস্থায়ী নৌ করিডোর চালুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নির্বিঘ্ন বৈশ্বিক নৌপরিবহন অব্যাহত রাখার লক্ষ্যে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সঙ্গে সমন্বয় করে সময়োপযোগী এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওমান নিউজ এজেন্সির (ওএনএ) বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইএমও এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের নির্ধারিত রুট অনুসরণ করে সব ধরনের জাহাজ এই নতুন করিডোর দিয়ে চলাচল করতে পারবে। ওমান সরকার জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতির চাকা সচল রাখতে হরমুজ প্রণালির গুরুত্ব অপরিসীম। তাই আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে এবং এই জলপথে নৌচলাচলের সার্বিক স্বাধীনতা নিশ্চিত করতেই বিশেষ এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই রুট ব্যবহারের জন্য কোনো জাহাজকে কোনো ধরনের ট্রানজিট ফি বা টোল দিতে হবে না।
সংস্থাটি আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে যে ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে, ওমানের এই পদক্ষেপ তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এই অস্থায়ী করিডোর ব্যবহার করে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে চাইলে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও শিপিং কোম্পানিগুলোকে আগে থেকেই আইএমও এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় করার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে।









