ওমানে গ্রীষ্মের তীব্রতা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহ অনুভূত হয়েছে। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, শুক্রবার দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মহুত অঞ্চলে। সেখানে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের অন্যান্য অঞ্চলেও গরমের তীব্রতা ছিল প্রায় কাছাকাছি। এর মধ্যে আল মুদাইবিতে ৪৫ দশমিক ৮ ডিগ্রি এবং আল কাবিলে ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বিদিয়াহ অঞ্চলে ৪৪ দশমিক ৯ ডিগ্রি, ফাহুদে ৪৪ দশমিক ৭ ডিগ্রি এবং নিজুয়াতে ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পাশাপাশি মুকশিন, ইজকি ও মুখাইজনা অঞ্চলে ৪৪ দশমিক ৩ ডিগ্রি এবং বাহলা ও ইয়ালোনিতে যথাক্রমে ৪৪ দশমিক ২ ও ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
গ্রীষ্মের এই অসহনীয় গরমে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়ছে। তীব্র গরমে হিটস্ট্রোকসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাইকে প্রয়োজন ছাড়া দীর্ঘক্ষণ কড়া রোদে কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শরীর আর্দ্র রাখতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও তরল জাতীয় খাবার গ্রহণের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।








