ওমানের বারকা শহরে বন্যায় আটকে পড়া দুই ভারতীয় নাগরিককে সাহসিকতার সঙ্গে উদ্ধার করে প্রশংসায় ভাসছিলেন বাংলাদেশি তরুণ মো. সাগর। এই অসামান্য মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ এবার তাকে সম্মাননা দিয়েছে ওমানের মাসকাটের বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার এই প্রবাসী তরুণের হাতে সম্মাননা তুলে দেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিজবাহ উল আজিম। এ সময় দূতাবাসের পাসপোর্ট কাউন্সেলর আনিসুর রহমান, শ্রম মিনিস্টার মাহমুদুর রহমান, লেবার ও শ্রম কাউন্সেলর মেজর রাফিউল ইসলাম, দূতালয় প্রধান মাহমুদা খানম এবং প্রথম সচিব আসাদুল হক উপস্থিত ছিলেন।

আরও
সম্মাননা পেয়ে আবেগাপ্লুত সাগর দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানান, এমন স্বীকৃতি পাওয়া তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।
কয়েক সপ্তাহ আগে ওমানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় বারকার একটি ওয়াদিতে আটকে পড়েছিল গাড়ি। ভেতরে থাকা দুই ভারতীয় নাগরিক যখন বাঁচার আকুতি জানাচ্ছিলেন, তখন বিন্দুমাত্র কালক্ষেপণ না করে পাকিস্তানি তরুণ শাহজাদ খানের পাশাপাশি উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন নারায়ণগঞ্জের সাগরও। তাদের সম্মিলিত চেষ্টায় বড় বিপদের হাত থেকে রক্ষা পান ওই দুই ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সাগরের সাহসিকতার গল্প দেশ-বিদেশের মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।










