ওমানের রাজধানী মাস্কাটে জনসমক্ষে অশালীন পোশাক পরা এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একদল প্রবাসী নারীকে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আটক হওয়া এই নারীরা মূলত এশীয় ও আফ্রিকান বিভিন্ন দেশের নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, সামাজিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড এবং জনসমক্ষে দৃষ্টিকটু পোশাক পরার সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। আটকের পর প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই নারীরা কেবল অনৈতিক কাজেই জড়িত ছিলেন না; বরং তাঁদের বিরুদ্ধে ওমানের শ্রম আইন এবং বিদেশি নাগরিকদের আবাসন বা রেসিডেন্সি আইন লঙ্ঘনেরও সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
ওমান পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটক হওয়া প্রবাসী নারীদের বিরুদ্ধে ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের সামাজিক শৃঙ্খলা, আইনি বিধিবিধান ও নৈতিক পরিবেশ রক্ষায় এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








