আঞ্চলিক আকাশসীমা বন্ধ থাকার কারণ দেখিয়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ওমান এয়ার।
এক বিবৃতিতে বিমান সংস্থাটি নিশ্চিত করেছে, উল্লেখিত সময়সীমা পর্যন্ত দুবাই, বাহরাইন, দোহা, কুয়েত, কোপেনহেগেন, বাগদাদ এবং খাসাবগামী সকল ফ্লাইটের কার্যক্রম স্থগিত থাকবে। এই আকস্মিক পরিবর্তনের কারণে যাত্রীদের যে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি পোহাতে হচ্ছে, তার জন্য ওমান এয়ার কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিড়ম্বনায় পড়া যাত্রীদের পরবর্তী করণীয় সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের তাদের টিকিট ও বুকিং ব্যবস্থাপনার জন্য ওমান এয়ারের দাপ্তরিক ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আরও
একইসঙ্গে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে আম্মান ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। স্থগিত থাকা এই নির্দিষ্ট কয়েকটি রুট বাদে বিমান সংস্থাটির নেটওয়ার্কভুক্ত অন্যান্য সকল রুটের ফ্লাইট পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সম্পূর্ণ স্বাভাবিকভাবেই চলাচল করবে।








