প্রবাসী কর্মীদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে ওমান। নতুন এই সুরক্ষানীতির আওতায় আগামী ২০২৭ সাল থেকে দেশটিতে কর্মরত প্রবাসীদের জন্য বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প চালু হতে যাচ্ছে। মঙ্গলবার রাজধানী মাস্কাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওমানের সামাজিক সুরক্ষা তহবিল বা এসপিএফ এই তথ্য জানিয়েছে।
এসপিএফ জানায়, নতুন এই কর্মসূচিতে প্রথাগত ‘এন্ড-অফ-সার্ভিস গ্র্যাচুইটি’ বা চাকরি শেষের ক্ষতিপূরণ ব্যবস্থার বদলে একটি সুশৃঙ্খল সঞ্চয় ব্যবস্থা কার্যকর হবে। এর অধীনে নিয়োগকর্তারা প্রবাসী কর্মীদের মূল বেতনের ৯ শতাংশ অর্থ এই তহবিলে জমা দেবেন। মূলত চাকরি শেষে বিদেশি কর্মীদের আর্থিক অধিকার আরও সুসংহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাধ্যতামূলক এই সঞ্চয় প্রকল্পের পাশাপাশি আগামী ২০২৬ সালে সব কর্মীর জন্য অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে একটি বিমা প্রকল্প চালু করা হবে। এছাড়া ২০২৮ সালে বিদেশি কর্মীদের জন্য কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত বিমাও বাধ্যতামূলক করা হবে। এই দুটি প্রকল্পেই কর্মীদের বেতনের এক শতাংশ অর্থ জমা করা হবে, যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবেন নিয়োগকর্তারা। নতুন এসব উদ্যোগের ফলে ওমানের শ্রমবাজারে প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।












