আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের মার্চ মাসের বেতন আগেভাগে পরিশোধের নির্দেশ দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। শ্রম আইনের আওতাধীন দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানকে আগামী ১৮ মার্চের মধ্যে কর্মীদের এই বেতন বুঝিয়ে দিতে বলা হয়েছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ওমানের শ্রম মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। প্রকাশিত পরিপত্রে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি বর্ষের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মীদের আর্থিক সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওমানের শ্রম আইনের অধীনে থাকা সব বেসরকারি প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে আগামী ১৮ মার্চ, বুধবারের মধ্যে কর্মীদের মার্চ মাসের বেতন পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে হবে।
সাধারণত মাসের শেষে বা পরবর্তী মাসের শুরুতে বেতন দেওয়া হলেও, মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় এই উৎসবের আগে এমন সিদ্ধান্তে স্থানীয় ও প্রবাসী কর্মীদের মাঝে বেশ স্বস্তি তৈরি হয়েছে। ঈদের কেনাকাটা, উৎসবের প্রস্তুতি ও আনুষঙ্গিক অন্যান্য খরচ মেটাতে এই আগাম বেতন কর্মীদের জন্য বেশ সহায়ক হবে বলেই ধারণা।











