ওমান উপসাগর ও হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী ‘স্কাইলাইট’ নামের ওই ট্যাংকারে হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিহত ওই দুই ভারতীয় হলেন ট্যাংকারের ক্যাপ্টেন আশীষ কুমার ও ক্রু সদস্য দলীপ সিং। আশীষ কুমারের বাড়ি ভারতের বিহার রাজ্যে এবং দলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে। সরকারি তথ্যের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, হামলার পর আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়। পরে ক্যাপ্টেন আশীষ কুমারের দগ্ধ দেহাবশেষ তাঁর কেবিন থেকে উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হামলার সময় দলীপ সিং জাহাজের সামনের অংশে ক্যাপ্টেনের সঙ্গেই অবস্থান করছিলেন।

আরও
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এক বিবৃতিতে জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা তেলবাহী ট্যাংকারটি মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে পাঁচ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়। ওই ট্যাংকারে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন, যাঁদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিক। নিহত দুজন ছাড়া বাকি সব ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে ট্যাংকারটিতে ঠিক কী ধরনের হামলা চালানো হয়েছিল, সে বিষয়ে এমএসসি বিস্তারিত কোনো তথ্য জানায়নি। প্রতিবেদনে এর আগে ওমানের দুকম বন্দর এলাকায় আরেকটি ড্রোন হামলার কথাও উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কাছে এমন হামলার ঘটনায় ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।









