ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে ট্যাংকারটি হামলার শিকার হয়।
জানা গেছে, হামলার সময় জাহাজটিতে ২০ জন ক্রু অবস্থান করছিলেন। তাঁদের সবাইকে ইতিমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কী ধরনের অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে বা কারা এর পেছনে জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনার ঠিক আগেই ওমানের দুকুম বন্দরে দুটি ড্রোন হামলার খবর জানিয়েছিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ওই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন। ওমান উপকূলে এমন পরপর দুটি হামলার ঘটনা ওই অঞ্চলের সার্বিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
আরও
সূত্র: আলজাজিরা।











