ওমানের দুকুম বন্দরের স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এক প্রবাসী শ্রমিক আহত হয়েছেন। রোববার ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সি একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে।
প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন ও নিরাপত্তা সূত্র অনুযায়ী, বন্দর এলাকায় দুটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন সরাসরি আঘাত হানে সেখানে কর্মরত ভ্রাম্যমাণ শ্রমিকদের বাসস্থানে। শ্রমিকদের থাকার ওই নির্দিষ্ট জায়গায় ড্রোনটি আঘাত হানলে ওই প্রবাসী শ্রমিক আহত হন। তবে এই হামলায় আহত ওই কর্মীর জাতীয়তা বা শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পাশাপাশি কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে, আরব বিশ্বের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর ছড়িয়ে পড়ার পর দেশগুলোতে থাকা বাংলাদেশি প্রবাসীরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কাতার ও আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে তারা নিয়মিত বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন। আবুধাবিতে বসবাসরত এক বাংলাদেশি জানান, প্রবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখানে সবাই আতঙ্কিত। কেউ বিস্তারিত কিছু বলতে পারছে না। তবে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
আরও
মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। রোববার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আর আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া দুবাইয়ের জুমেইরাহ সৈকতের পাশে আইকনিক ‘বুর্জ আল আরব’ হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে বাহরাইন ও সৌদি আরবেও। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।







![1.[2]](https://probashtime.net/wp-content/uploads/2026/03/1.2.webp)


