ওমানের মুতরাহ কেবল কার প্রকল্প–এ নির্মাণকাজ চলাকালে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় দুই প্রবাসী কর্মী নিহত হয়েছেন। প্রকল্পের ডেভেলপার সাবিন ইনভেস্টমেন্ট শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের একজন ইতালীয় এবং অন্যজন পাকিস্তানি নাগরিক বলে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রকল্প এলাকার একটি সাইটে কাঠামোগত ইনস্টলেশন কাজ (structural installation) চলার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রতিষ্ঠানটি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তাদের স্বজনদের জন্য ধৈর্য কামনা করেছে।
জনসমক্ষে ছড়িয়ে পড়া নানা জল্পনা-অনুমানের প্রেক্ষিতে সাবিন ইনভেস্টমেন্ট স্পষ্ট করেছে, ঘটনাটি কেবল কার সিস্টেমের কোনো ট্রায়াল বা অপারেশনাল টেস্টিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এটি নির্মাণ বাস্তবায়ন পর্যায়ের ইনস্টলেশন কাজের সময় ঘটেছে বলেই উল্লেখ করা হয়।
আরও
দুর্ঘটনার কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে। কোম্পানিটি বলেছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে এবং সরকারি তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে প্রতিষ্ঠানটি দ্রুত উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য রয়্যাল ওমান পুলিশ এবং সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটিসহ সংশ্লিষ্ট টেকনিক্যাল টিমগুলোর ভূমিকার প্রশংসা করেছে। পাশাপাশি, সব প্রকল্প সাইটে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।











