আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন। সোমবার রিয়াদে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট’ সম্মেলনের সাইডলাইন বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ওমানের শ্রমমন্ত্রী এই আশ্বাস দেন। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বৈঠকে উপদেষ্টা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ার জন্য ওমান সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি ওমানের শ্রমবাজারে কেবল অদক্ষ শ্রমিক নয়, বরং চিকিৎসক, প্রকৌশলী ও নার্সের মতো দক্ষ পেশাদারদের নিয়োগের সুযোগ তৈরির জন্য ওমানি মন্ত্রীর ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। বর্তমানে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের ভিসার ওপর যে স্থগিতাদেশ রয়েছে, তা দ্রুত পর্যালোচনার জন্যও তিনি ওমান সরকারের প্রতি অনুরোধ জানান।
আরও
জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান যে, ২০২৩ সাল থেকে মূলত অনিয়মিত ও আনডকুমেন্টেড কর্মীদের বৈধ করার বিষয়টিকে প্রাধান্য দিতেই সাময়িকভাবে নতুন ওয়ার্ক ভিসা বন্ধ রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশের জন্য পুনরায় ভিসা ব্যবস্থা সচল করার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি উপদেষ্টাকে আশ্বস্ত করেন।
বৈঠকে ড. আসিফ নজরুল অভিবাসন খাতকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা হচ্ছে।













