ওমানের নিজুয়ার একটি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে, একটি ভারী পণ্যবাহী ট্রাক যখন তেল সংগ্রহ করছিল, তখন হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, জ্বালানি স্টেশনে বড় ট্রাকটিতে একজন ব্যক্তি তেল ভরার কাজ করছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রাক এবং ফুয়েল পাম্পের ঠিক মাঝখানে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের কুণ্ডলী বা ‘ফায়ারবল’ পুরো এলাকাটিকে গ্রাস করে নিলে ওই ব্যক্তির শরীরেও আগুন লাগে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে এবং স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।














