সর্বশেষ

আজ মাস্কাটে প্রবাসীদের জন্য বিশাল উৎসব!

Oman bangladesh probashiCity ads Investment (1)

ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ বুধবার বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘বাংলাদেশ নাইটস’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাস্কাটে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আল খুয়াইর এলাকার ফ্ল্যাগ স্কয়ারে সন্ধ্যা ৭টায় এ বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশেষ ব্যান্ড ও অর্কেস্ট্রা দলের দেশাত্মবোধক ও ধ্রুপদী সংগীত পরিবেশনা। এই উপলক্ষে ওমানে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে সপরিবারে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে দূতাবাস।

এই আয়োজনটি ওমান ও বাংলাদেশ-এর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল বিশেষ সফরে ওমানে অবস্থান করছে।

মঙ্গলবার অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ ও ওমানের সামরিক ব্যান্ডের যৌথ বাদ্য পরিবেশনা দর্শকদের দৃষ্টি কাড়ে। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্যের একটি চৌকস দল দেশটির ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সুর পরিবেশন করে। একই সঙ্গে ওমানি নৃত্যশিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য এবং বাংলাদেশি সেনাদের সুশৃঙ্খল পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা লোকজ ও জনপ্রিয় সংগীতের তালে উচ্ছ্বাস প্রকাশ করেন। কূটনৈতিক এই আয়োজনে ওমানের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।

এ বিষয়ে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা। ইতিহাসে প্রথমবারের মতো ওমানের মাটিতে এমন আয়োজন সফলভাবে বাস্তবায়িত হওয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকেও সন্তোষ ও প্রশংসা প্রকাশ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup