ওমানের প্রধান অনলাইন সংবাদমাধ্যমগুলো আবারও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে শিরোনাম করেছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, ঢাকার বিশেষ জজ আদালত–৫ পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দ সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন। বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বেলা সাড়ে ১১টায় এই রায় ঘোষণা করেন।
ওমানি সংবাদমাধ্যম জানায়, চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করে। এর মধ্যে তিনটির রায় ইতোমধ্যেই ঘোষণা হয়েছে, বাকি তিনটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে আগামী ১ ডিসেম্বর। এসব মামলার অগ্রগতি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রকাশিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধারাবাহিক রায় ঘোষণায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ওমানের পত্রিকাগুলো তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে, এই রায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে এবং ভবিষ্যতে ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ বাড়ছে।
আরও
ওমানের সংবাদমাধ্যম আরও মন্তব্য করেছে যে, বাংলাদেশের এই উচ্চপ্রোফাইল মামলাগুলো শুধু দেশের রাজনৈতিক ভবিষ্যতই নয়, আঞ্চলিক কূটনীতি ও স্থিতিশীলতার দিকেও দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনায় এসেছে রায়ের প্রভাব।
এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন রাজনৈতিক মহল রায়কে ঘিরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করছে। আন্তর্জাতিক মহলেও এই ঘটনার পরবর্তী প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।










