ওমানে প্রবাসী শ্রমিক নিয়োগ খাতকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার লক্ষ্যে “অ্যাসোসিয়েশন অফ এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার রিক্রুটমেন্ট অফিসেস” নামে একটি নতুন সীমিত–আর্থিক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানটি দেশটির সিভিল অ্যাসোসিয়েশন আইনের অধীনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
নতুন এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য হলো সরকারি সংস্থা, বেসরকারি কোম্পানি এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আরও মানসম্মত ও নীতিনির্ভর করা। পাশাপাশি, শ্রমিক নিয়োগে ন্যায্যতা নিশ্চিত করা এবং বৈধ অফিসগুলোর অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে সংস্থাটি।
প্রবাসী শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত শ্রমবিরোধ বা জটিলতা সমাধানে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য দায়িত্বশীল প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। একই সঙ্গে, অননুমোদিত বা অবৈধ ভাবে পরিচালিত নির্দিষ্ট নিয়োগ অফিসগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবে অ্যাসোসিয়েশন।
আরও
প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডে থাকবেন মোট ১২ জন সদস্য, যারা দুই বছরের জন্য নির্বাচিত হবেন। তারা একবার পুনর্নির্বাচিত হওয়ার সুযোগও পাবেন। এই অ্যাসোসিয়েশনের অর্থায়ন আসবে সদস্য ফি, অনুমোদিত দান, সরকারি সহায়তা এবং অন্যান্য বৈধ উৎস থেকে।
ওমান সরকার ও সংশ্লিষ্ট মহল মনে করছে, এ উদ্যোগ প্রবাসী শ্রমিক নিয়োগ ব্যবস্থাকে আরও ন্যায্য, স্বচ্ছ ও দায়িত্বশীল করে তুলবে এবং নিয়োগ শিল্পের সার্বিক মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।












