ওমানের সুর উইলায়াতে গত দুই দিনে ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গ, যান চলাচলে বাধা সৃষ্টি এবং জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে ৪৩ জন চালককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। দক্ষিণ আল শারকিয়া গভর্নরেট পুলিশ কমান্ড বিশেষ টাস্ক পুলিশ ইউনিটের সঙ্গে সমন্বয় করে এ অভিযান পরিচালনা করে।
ওমান পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে বেশিরভাগই প্রকাশ্যে গাড়ির গতি ও শব্দ বৃদ্ধি, রাস্তার একাধিক লেনে বিশৃঙ্খল চালনা এবং জনজীবনে অস্বস্তি তৈরি করার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এসব আচরণ সড়ক নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছিল।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে এবং দ্রুতই তাদের মামলাগুলো সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সড়ক নিরাপত্তা বজায় রাখতে আরওপি কঠোর নজরদারি অব্যাহত রাখবে।
আরও
বাংলাদেশি চালকদের প্রতি বিশেষ সতর্কতা
ওমানে কর্মরত বাংলাদেশি চালকদের ওমান পুলিশ বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ করেছে। সড়ক আইন ভঙ্গ, হর্ন ও শব্দদূষণ, অতিরিক্ত গতি কিংবা জনসমাগম এলাকায় গাড়ি থামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি—এসব আচরণে কঠোর শাস্তি, বড় অঙ্কের জরিমানা, এমনকি ভিসা বাতিল ও দেশে ফেরত পাঠানোর ঝুঁকিও রয়েছে। ওমান আইন সর্বজনীনভাবে প্রযোজ্য—কোনো দেশের নাগরিকের জন্যই ছাড় নেই।
রয়্যাল ওমান পুলিশ সবাইকে স্মরণ করিয়ে দিয়েছে, দেশটির সড়ক আইন অত্যন্ত কঠোর এবং সড়ক-নিরাপত্তা বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিতই অভিযান পরিচালিত হয়। তাই কর্মস্থল ও বসবাসের সুবিধা বজায় রাখতে আইন মেনে চলা অপরিহার্য।











