ওমানের সালালায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার চার দিন পর মারা গেছেন বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভুলু মিয়া। গতকাল দিবাগত রাত ২টা ২ মিনিটে সালালাহ সুলতান কাবুস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত ১৬ নভেম্বর ২০২৫ রোববার ওমান সময় সকাল ৬টা ৪৫ মিনিটে সালালার তাকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে মাদ্রাসা নিজুম রাউন্ড এবাউট এলাকায় একটি ওমানি গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয়রা উদ্ধার করে সুলতান কাবুস হাসপাতালে ভর্তি করেন। চার দিন ধরে আইসিইউতে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
নিহত ভুলু মিয়ার বাড়ি কুমিল্লা জেলার বরুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুন তলা গ্রামে। তার বাবা-মা দুজনেই মৃত। জীবিকার তাগিদে তিনি ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি ওমানে যান এবং দীর্ঘ ১৩ বছর ধরে সালালায় কাজ করছিলেন।
আরও
ভুলু মিয়ার মৃত্যুতে তার পরিবার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। পরিবারটি একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছে।
সহকর্মী ও পরিচিতজনরা জানিয়েছেন, ভুলু মিয়া পরিচ্ছন্ন জীবনযাপন ও কর্মনিষ্ঠার কারণে সবার কাছে সমাদৃত ছিলেন। তার মরদেহ দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় প্রবাসীদের পক্ষ থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে।











