ওমানের জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ। রাজধানী মাস্কাটসহ বিভিন্ন এলাকা আলোকসজ্জা, জাতীয় পতাকা, রঙিন ব্যানার ও সাজসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। নাগরিক ও প্রবাসীরা নানা আয়োজনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করছেন।
তবে উৎসবের মাঝেও জনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। জাতীয় দিবস উপলক্ষে রাতভর নজরদারি বাড়িয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২২ জন চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযোগ—গ্রেফতারকৃতদের মধ্যে অনেকে অতিরিক্ত শব্দ সৃষ্টি, গাড়ি থেকে চিৎকার-চেঁচামেচি, হট্টগোল ও জনবিরোধী আচরণের মাধ্যমে পরিবেশ অস্থির করছিলেন।
এ ছাড়া বোউশারের রিমাল এলাকায় বিপজ্জনক ড্রিফটিং ও বেপরোয়া গাড়িচালনার সঙ্গে জড়িত ১৯টি গাড়ি আটক করেছে পুলিশ। ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব গাড়ির চালকদের শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।
আরও
রয়্যাল ওমান পুলিশ বলছে, জাতীয় দিবস উদযাপন আনন্দমুখর হলেও জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষ করে বেপরোয়া গাড়ি চালনা, ড্রিফটিং বা অতিরিক্ত শব্দ সৃষ্টি জনজীবনে ঝুঁকি তৈরি করে। এজন্য উৎসবের পুরো সময়জুড়ে কঠোর পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
পুলিশ সবার উদ্দেশে আহ্বান জানিয়েছে—উৎসব উপভোগ করুন, তবে আইন মেনে। নাগরিক ও প্রবাসীদের সহযোগিতা ছাড়া জাতীয় দিবসের এ আয়োজন নিরাপদ রাখা সম্ভব নয়।












