ওমান সরকার দেশের সৃজনশীল অর্থনীতি ও বৈশ্বিক সাংস্কৃতিক যোগাযোগ জোরদারে প্রথমবারের মতো ‘কালচারাল ভিসা ও রেসিডেন্সি’ চালুর ঘোষণা দিয়েছে। ওমান ভিশন ২০৪০–এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই উদ্যোগটি দেশটিকে সংস্কৃতি, শিল্প ও জ্ঞানচর্চার একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
ওমান পুলিশের পরিদর্শক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসেন আল শ্রাইকির জারি করা সিদ্ধান্ত নং ১৫৬/২০২৫ অনুযায়ী, বিদেশি নাগরিকদের আবাসন সংক্রান্ত আইনের কার্যনির্বাহী বিধিতে সংশোধন এনে ‘কালচারাল ভিসা’ ও ‘কালচারাল রেসিডেন্সি’ নামে দুটি নতুন শ্রেণি যুক্ত করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বিদেশি শিল্পী, লেখক, গবেষক ও সাংস্কৃতিক পেশাজীবীদের ওমানের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।

আরও
নতুন বিধান অনুযায়ী, কালচারাল ভিসা দেওয়া হবে সেইসব বিদেশি নাগরিকদের, যারা ওমানে সাংস্কৃতিক, সাহিত্যিক, শিল্প বা একাডেমিক কার্যক্রমে অংশ নিতে আসবেন। এই ভিসা ইস্যুর তিন মাসের মধ্যে ব্যবহার করতে হবে এবং ধারকরা ওমানের বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। অন্যদিকে, কালচারাল রেসিডেন্সি প্রদান করা হবে এমন বিদেশি বাসিন্দাদের, যারা ওমানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত অথবা ওমানি নাগরিকদের পরিবারের সদস্য হিসেবে এ খাতে যুক্ত রয়েছেন।
সিদ্ধান্তে আরও বলা হয়েছে, নতুন ভিসা ও রেসিডেন্সি ফি বছরে ৫ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে। কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে ২০ রিয়াল ফি প্রযোজ্য হবে। এই পদক্ষেপের মাধ্যমে ওমান সরকার বিদেশি নাগরিকদের জন্য একটি সহজ ও সাশ্রয়ী সাংস্কৃতিক আবাসন কাঠামো তৈরি করতে চায়।
ওমানের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো ভিসা ও আবাসন কর্মসূচি বিশেষভাবে সংস্কৃতি ও সৃজনশীল খাতের জন্য চালু হলো। সরকার মনে করছে, এই উদ্যোগ বিদেশি শিল্পী, গবেষক ও সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করবে, যা ওমানের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করবে।











