উপসাগরীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নিয়েছে কুয়েত। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) রেল প্রকল্পের অংশ হিসেবে দেশটি এমন এক রেলপথ নির্মাণ করছে, যা কুয়েতকে সরাসরি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমানের সঙ্গে যুক্ত করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উপসাগরীয় ছয় আরব দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য আরও গতিশীল হবে।
কুয়েতের অর্থনৈতিক বিশ্লেষক আলী আল আনেজি স্থানীয় গণমাধ্যমকে বলেন, এই প্রকল্প কেবল একটি পরিবহন অবকাঠামো নয়— এটি উপসাগরীয় অর্থনীতির জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। এতে বাণিজ্যিক কার্যক্রম যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাসেও বড় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, রেলপথটি চালু হলে পণ্য পরিবহনের পাশাপাশি যাত্রী চলাচলও হবে দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়। এটি আরব দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ঐক্য ও সংহতিকেও আরও দৃঢ় করবে।
আরও
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কুয়েত থেকে সৌদি রাজধানী রিয়াদ পর্যন্ত ট্রেন চলবে ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে। পরবর্তীতে এই রেল সংযোগ সম্প্রসারিত হবে দুবাই, কাতার, বাহরাইন ও ওমান পর্যন্ত। রাজধানী কুয়েত সিটি থেকে ২৫ কিলোমিটার দূরে সাদ্দাদিয়া এলাকায় নির্মিত হচ্ছে প্রধান যাত্রী স্টেশন।
এছাড়া, সৌদি সীমান্তবর্তী নওয়াইসিব পর্যন্ত ১১১ কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তুরস্কের একটি প্রতিষ্ঠান এই অংশের নির্মাণ চুক্তি পেয়েছে। পুরো জিসিসি রেল প্রকল্প ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।









