ওমান সরকার গৃহকর্মী ও সংশ্লিষ্ট পেশার শ্রমিকদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় নতুন বিধিমালা ঘোষণা করেছে। শ্রম মন্ত্রণালয়ের জারি করা মন্ত্রীপরিষদ সিদ্ধান্ত নং ৫৭৪/২০২৫ অনুযায়ী, গৃহকর্মীদের নিয়োগ, কর্মপরিবেশ, ছুটি, বেতন এবং আচরণ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিধিমালার মাধ্যমে বাধ্যতামূলক শ্রম, ব্যক্তিগত নথি জব্দ এবং অপ্রাপ্তবয়স্কদের নিয়োগের মতো অনিয়ম কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর লক্ষ্য হলো শ্রমিকদের জন্য ন্যায্য, নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা।
নতুন নিয়মে বলা হয়েছে, গৃহকর্মীদের ন্যূনতম অধিকার কোনোভাবেই হ্রাস বা বাতিল করা যাবে না। বরং চুক্তির মাধ্যমে তাদের জন্য আরও উন্নত শর্ত নির্ধারণ করা যেতে পারে। কোনো অবস্থাতেই নিয়োগকর্তা শ্রমিকের ওপর শারীরিক বা মানসিক নির্যাতন চালাতে পারবেন না, কিংবা তাকে জোরপূর্বক কাজ করতে বাধ্য করা যাবে না। শ্রমিকের পাসপোর্ট বা ব্যক্তিগত কাগজপত্র শুধুমাত্র লিখিত সম্মতির ভিত্তিতেই নিয়োগকর্তার কাছে থাকতে পারবে। একই সঙ্গে ২১ বছরের কম বয়সী কাউকে গৃহকর্মে নিয়োগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিধিমালায় আরও বলা হয়েছে, নিয়োগকর্তারা কোনোভাবেই শ্রমিকের কাছ থেকে নিয়োগ, চাকরি পরিবর্তন বা স্থানান্তরের বিনিময়ে অর্থ দাবি করতে পারবেন না। শ্রমিক নিয়োগের আগে শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া শ্রমিকের ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো বিজ্ঞাপন বা প্রচারণা চালানো যাবে না। যারা নিয়োগকর্তার বাড়ির বাইরে থাকেন, তাদের জন্য কর্মস্থলে যাতায়াতের বিনামূল্যে পরিবহন এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে।
আরও
শ্রমিকদের বাসস্থানের ক্ষেত্রেও স্পষ্ট শর্ত দেওয়া হয়েছে। তাদের থাকার জায়গা হতে হবে স্বাস্থ্যসম্মত, বায়ু চলাচল উপযোগী, আলোকিত ও নিরাপদ। সেখানে পর্যাপ্ত বিছানার ব্যবস্থা, ব্যক্তিগত জিনিস রাখার স্থান এবং পরিষ্কার-পরিচ্ছন্ন বাথরুম থাকতে হবে। পাশাপাশি শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি থাকে এমন কোনো বিপজ্জনক কাজ করানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া প্রতিটি শ্রমিকের জন্য আলাদা নথিপত্র সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এতে থাকবে পাসপোর্ট, আবাসন কার্ড, ছুটির তথ্য, বেতন কর্তনের বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য। চাকরি শেষ হওয়ার পরও এই রেকর্ড অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে শ্রম মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই বিধিমালা ওমানের গৃহকর্মী খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।











