ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের সাতজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
বুধবার (৮ অক্টোবর) ওমানের দুকুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন—সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী কব্বর সেরাংয়ের ছেলে আমিন সওদাগর, ৪ নম্বর ওয়ার্ডের শহিদুল্লাহর ছেলে আরজু এবং ২ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম মেস্তুরীর ছেলে রকি।

আরও
স্থানীয় প্রবাসীরা জানান, দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। নিহতরা সবাই বাংলাদেশি এবং ওমানের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।
মর্মান্তিক এ ঘটনার খবর সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে অনেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, যা তাদের স্বজনদের জন্য গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।


ওমান প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও দূতাবাসের কর্মকর্তারা ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।











