পর্যটন খাতে বৈপ্লবিক এক সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় জোট জিসিসি । এখন থেকে শুধু এক ভিসায় ভ্রমণ করা যাবে পুরো ছয়টি উপসাগরীয় দেশে—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত এবং বাহরাইন।
নতুন এই ভিসা সিস্টেমের নাম দেওয়া হয়েছে “জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা”। এটি একক ভিসায় উপসাগরীয় ছয় দেশের মধ্যে অবাধ ভ্রমণের সুযোগ করে দেবে পর্যটকদের জন্য।সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী ও এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মাররি জানিয়েছেন—
এই উদ্যোগের মাধ্যমে পুরো গালফ অঞ্চলকে একটি ঐক্যবদ্ধ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য।
তার মতে, এই ভিসা শুধু ভ্রমণ নয়, বরং অর্থনৈতিক সম্পর্ক ও আন্তঃসীমান্ত পর্যটন বাড়াতে বড় ভূমিকা রাখবে। জিসিসির মহাসচিব জাসিম আল-বুদাইউই জানিয়েছেন, ভিসা সিস্টেমের টেকনিক্যাল ও ডিজিটাল কাজ প্রায় শেষ পর্যায়ে। একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে আবেদন করা যাবে এই ভিসার জন্য,
যেখানে ভ্রমণকারীরা ছয় দেশের ট্যুর পরিকল্পনা একসাথেই পরিচালনা করতে পারবেন।
আরও
এই ভিসা প্রথম অনুমোদন পায় ২০২৩ সালে, যা এখন উপসাগরীয় অঞ্চলের পর্যটন শিল্পে “গেম-চেঞ্জার” হিসেবে বিবেচিত হচ্ছে। তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগকে দেখছেন বিশ্লেষকরা।
শুধু সংযুক্ত আরব আমিরাতেই ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পর্যটন ও আতিথেয়তা খাতে ৩৯,৫০০ বাণিজ্যিক লাইসেন্স প্রদান করা হয়েছে, যা ২০২০ সালের তুলনায় ২৭৫ শতাংশ বৃদ্ধি।
২০২৫ সালের শেষের দিকে পরীক্ষামূলকভাবে শুরু হবে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা, এরপর ধাপে ধাপে ছয় দেশে চালু হবে পুরো প্রোগ্রামটি। এক ভিসায় ছয় দেশে ভ্রমণের এই সুযোগ গালফ অঞ্চলের পর্যটন শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এতে উপকৃত হবেন প্রবাসীসহ লাখো আন্তর্জাতিক ভ্রমণপ্রেমী।











