ওমানে আরব সাগরের উত্তর-পূর্বাঞ্চলে ভারতের গুজরাট উপকূলের কাছে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ওমানের সিভিল এভিয়েশন অথরিটির ন্যাশনাল মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় প্রকাশিত আবহাওয়া প্রতিবেদনে বলা হয়, নিম্নচাপটি ২২.৫° উত্তর অক্ষাংশ ও ৬৮.৮° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এ সময় এর সর্বোচ্চ পৃষ্ঠগত বাতাসের গতি ঘণ্টায় ৩৭ থেকে ৫০ কিলোমিটার হিসেবে অনুমান করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সিস্টেমটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় আরব সাগরের দিকে যেতে পারে এবং ধীরে ধীরে আরও শক্তিশালী হতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় এটির কোনো সরাসরি প্রভাব ওমানের ওপর পড়বে না বলে নিশ্চিত করেছেন তারা।
আরও
যদিও সরাসরি প্রভাবের শঙ্কা নেই, তবুও নিম্নচাপের কারণে মধ্যম ও উচ্চ স্তরের মেঘলা আকাশ দেশের কিছু অংশে বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।
ওমানের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রবাসীসহ সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে অবস্থানকারীদের আবহাওয়ার সর্বশেষ খবরাখবর নিয়মিতভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সিভিল এভিয়েশন অথরিটি জনগণকে শুধু সরকারি আবহাওয়া বুলেটিন ও প্রাসঙ্গিক কর্তৃপক্ষের আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং অনির্ভরযোগ্য তথ্যের ওপর নির্ভর না করার অনুরোধ জানিয়েছে।











