বরগুনার আমতলীতে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক স্ত্রী ও কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের সোমবার (৮ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পূর্ব কুকুয়া গ্রামের ফরহাদ ইসলাম জয়কে ফোন করে উতসীতলা এলাকায় ডেকে নেন তার সাবেক স্ত্রী লাইজু বেগম। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ৬-৮ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ঘিরে ফেলে। অভিযোগ অনুযায়ী, জয়কে হত্যার উদ্দেশ্যে তারা নির্মমভাবে মারধর শুরু করে। তবে স্থানীয় এক ব্যক্তির বাধার মুখে হত্যাচেষ্টা ব্যর্থ হয়।
আরও
জয় জানান, ২০১৬ সালে লাইজু বেগমকে বিয়ে করেন তিনি। দীর্ঘদিন ধরে স্ত্রী ওমানে থাকায় পারিবারিক টানাপোড়েন তৈরি হয়। পরবর্তীতে অনুমতি ছাড়া প্রবাসে যাওয়ায় গত ২৫ জুলাই তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এর পর থেকেই লাইজু পরিকল্পিতভাবে তার প্রাণনাশের চেষ্টা করে আসছিলেন বলে দাবি করেন জয়। ঘটনার রাতে তিনি মেয়েকে দেখার কথা বলে সরল বিশ্বাসে সেখানে গেলে হামলার শিকার হন।
জয়ের অভিযোগ, হামলাকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি সাবেক স্ত্রী লাইজুকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, কিশোর গ্যাং সদস্য সাকিলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে লাইজু বেগমসহ রাকিবুল ও অলি হাওলাদারকে রাতেই গ্রেপ্তার করা হয়। পরে চারজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।











