মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ওমানে সবুজ জাহাজ পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে ২০৫০ সালের মধ্যে নেট-জিরো লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
প্রকল্পটি গ্রিন হুইল রিসাইক্লিং কোম্পানির সহযোগিতায় উত্তর বাতিনার খাতমত মালাহা এলাকায় বাস্তবায়িত হবে। চলতি মাসেই এই উদ্যোগের জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। আধুনিক এই কেন্দ্রের মাধ্যমে পুরনো জাহাজগুলো পরিবেশবান্ধব ও নিরাপদ পদ্ধতিতে ভেঙে পুনর্ব্যবহার করা হবে।
কেন্দ্রে বছরে ৭০টির বেশি জাহাজ প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। প্রাথমিকভাবে প্রতি বছর প্রায় ২০ লাখ টন উচ্চমানের ও কম-কার্বন ইস্পাত উৎপাদিত হবে। ফলে ওমান কেবল পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহারে শীর্ষস্থান দখল করবে না, বরং বৈশ্বিক শিপিং খাতে নতুন উদ্ভাবনী সমাধানের কেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে।
আরও
কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পে দুই হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি পরিবেশবান্ধব কনটেইনার উৎপাদনসহ নতুন শিল্প খাত গড়ে উঠবে এবং ইস্পাত শিল্পে লক্ষ লক্ষ টন কম-কার্বন ইস্পাত যোগ হবে। এতে দেশের অর্থনীতিতে বৈচিত্র্য ও জিডিপি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
উপসাগরীয় অঞ্চলে প্রথমবারের মতো এই কেন্দ্র বিদ্যুৎ ও সবুজ জ্বালানি ব্যবহার করে জাহাজ ডকিং করবে। এটি টেকসই সামুদ্রিক পরিবহন ও পরিবেশবান্ধব নৌপরিবহনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।











