ওমানের আবহাওয়া দপ্তর আল হাজর পর্বতমালা এলাকায় বজ্রঝড় ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে। দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ওই অঞ্চলে কিউমুলাস মেঘ তৈরি হতে পারে, যার ফলে ছিটেফোঁটা বজ্রসহ বৃষ্টি এবং প্রবল নিম্নগামী বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক পূর্বাভাসে জানানো হয়েছে, ধোফার গভর্নরেটের উপকূলীয় এলাকা ও পার্বত্য অঞ্চলে নিম্নস্তরের মেঘ ঘন হচ্ছে। সেখানে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যার পর ধোফারের মরুভূমি অঞ্চলে মাঝারি ও উচ্চস্তরের মেঘের প্রবাহ থাকবে এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও
অন্যদিকে, দুপুরের দিকে আল হাজর পর্বতমালা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় আদ দাখিলিয়াহ ও আদ ধাহিরাহ গভর্নরেটেও ঝড়ো হাওয়ার সঙ্গে ধুলা ও বালুঝড় সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
এছাড়া আরব সাগরের উপকূল ও ওমান সাগরের কিছু অংশে গভীর রাতে বা ভোরের দিকে নিম্ন মেঘ বা কুয়াশা তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।












