চাঁদপুরের ফরিদগঞ্জে ওমান ফেরত ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। এলাকাবাসী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চাচা হাসান গাজীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বড়গাঁও এলাকার গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হাসান গাজীর দুই ছেলে শাকিল ও রাকিব পলাতক রয়েছেন।
আরও
নিহত বাবুর বাবা রওশান গাজী জানান, ওমানে অবস্থানকালে তার ছেলে বাবুর কাছে কিছু টাকা পেতেন হাসান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হলে হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয় এবং গুরুতর আহত এমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রওশান গাজী বলেন, হামলার সময় তাকেও মারধর করা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করে ভয়াবহ আক্রমণ চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি দুজনকে ধরতে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











