ওমানের সোহার এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রবাসী কুতুব উদ্দিন (৫০)। শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নেন। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুতুব উদ্দিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুখীল ইমাম নগর গ্রামের নুর আহমদ জমাদার বাড়ির মরহুম দেলোয়ার হোসাইনের ছেলে। দীর্ঘ ২৩ বছর ধরে তিনি ওমানে বসবাস করছিলেন এবং সেখানেই নিজের একটি রেস্টুরেন্ট পরিচালনা করতেন।
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে—যারা ওমানেই তার সঙ্গে থাকতেন। সর্বশেষ সাত বছর আগে তিনি দেশে ফিরেছিলেন।
আরও
বড় ভাই মো. জামাল উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে ধারদেনার চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কুতুব উদ্দিন। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা হাসপাতালে নিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে প্রবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।












