সর্বশেষ

ওমানে প্রতিদিন গড়ে ১১টি তালাক!

MaxresdefaultProbashir city Popup 19 03

ওমানে ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগ। এ বছর এখন পর্যন্ত ৪ হাজার ১২২টি বিবাহবিচ্ছেদ নথিভুক্ত হয়েছে, যা গড়ে প্রতিদিন ১১টি বিচ্ছেদ ঘটার ইঙ্গিত দেয়। তুলনামূলকভাবে এটি গত বছরের চেয়ে ৭ শতাংশ বেশি।

বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে রাজধানী মাসকাটে। এখানেই মোট ১ হাজার ১৬১টি বিবাহবিচ্ছেদের মামলা রেকর্ড করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা সমাজের সামগ্রিক কাঠামো ও পারিবারিক স্থিতির ওপর প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, তরুণদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার বেশি। বিশেষ করে যারা কম শিক্ষিত এবং সীমিত আয়ের মধ্যে রয়েছেন, তাদের মধ্যেই এ হার তুলনামূলক বেশি। পারস্পরিক সমঝোতার অভাব, লিঙ্গ সমতার ঘাটতি এবং আত্মীয়স্বজনের অতিরিক্ত হস্তক্ষেপ—এই সবই বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।

মাসকাটের সমাজকর্মী ও গবেষক মোহাম্মদ আল হাশেমি জানান, অর্থনৈতিক চাপ, সামাজিক প্রত্যাশা এবং পরিবারের অযাচিত হস্তক্ষেপ অনেক সময় বৈবাহিক সম্পর্ককে টিকিয়ে রাখা কঠিন করে তোলে। পাশাপাশি নারীদের মধ্যে নিজেদের অধিকার নিয়ে সচেতনতা ও আত্মবিশ্বাস বেড়ে যাওয়াও একটি বড় পরিবর্তনের সূচনা করছে।

৩৭ বছর বয়সী নাসরা আল মাহরুকি জানান, বিয়ে মানেই সমান অংশীদারিত্ব, সেখানে একপক্ষ কর্তৃত্ব করতে চাইলে সে সম্পর্ক আর টেকে না। তাই তিন বছর সংসার করার পর তিনি চলতি বছরের মে মাসে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।বিশেষজ্ঞদের মতে, নারী অধিকারের প্রসার এবং সমাজে সচেতনতা বৃদ্ধির ফলে বিবাহের সংজ্ঞা ও কাঠামো ভবিষ্যতে আরও রূপান্তরিত হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03