ওমানি সমসাময়িক শিল্পে নতুন ইতিহাস গড়েছেন ফটোগ্রাফার আব্দুলআজিজ আল হোসনি। তিনি প্রথম ওমানি হিসেবে অংশ নিয়েছেন বিশ্বের অন্যতম সম্মানজনক ফটোগ্রাফি উৎসব Les Rencontres d’Arles-এর ‘La Nuit de l’Année’ (রাত্রির মহোৎসব) আয়োজনে।
দক্ষিণ ফ্রান্সের ঐতিহাসিক শহর আর্লসে ১৯৭০ সাল থেকে প্রতিবছর আয়োজন করা হয় এই আন্তর্জাতিক উৎসব, যেখানে বিশ্বের নানা দেশের শিল্পী, সমালোচক ও কিউরেটররা অংশগ্রহণ করেন।
আরও
চলতি বছরের ১২ জুলাই অনুষ্ঠিত খোলা আকাশের নিচের বিশেষ প্রদর্শনীতে হোসনির তোলা ছবি নিয়ে নির্মিত ধারাবাহিক “Qalb Mahmood” দর্শকদের মন জয় করে নেয়। চিত্রগুলোতে ছিল সিনেমাটিক রঙের ব্যবহার, প্রতীকধর্মী উপস্থাপন এবং আবেগঘন গল্প যা একদিকে ছিল ব্যক্তিগত, আবার অন্যদিকে বিশ্বজনীন।
এই প্রকল্পটি মূলত তৈরি হয়েছিল WeTransfer-এর সৃজনশীল শাখা WePresent-এর অনুরোধে। এতে আত্ম-অন্বেষণ ও আবেগের সত্যতাকে ফুটিয়ে তোলা হয়েছে অনন্য ভঙ্গিতে।
প্রকল্পটি প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পায় ২০২৪ সালের নভেম্বরে নেদারল্যান্ডসের আমস্টারডামে হোসনির একক প্রদর্শনী Melkweg Expo-তে। এবার এটি Arles উৎসবের ‘Best Of’ প্রোগ্রামের জন্যও নির্বাচিত হয়েছে এবং ১৪ জুলাই থেকে উৎসবের শেষ দিন পর্যন্ত Ancien Collège Mistral-এ প্রদর্শিত হবে।
আল হোসনির এই অর্জন শুধু তার নিজের জন্য নয়, বরং ওমান ও আরব উপদ্বীপের শিল্প জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মাইলফলক। তার কাজের মাধ্যমে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরা হচ্ছে ওমানি দৃষ্টিভঙ্গি ও অনুভূতি।












