ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় ২৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরওপির দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, উত্তর আল বাতিনাহ প্রদেশের কোস্ট গার্ড পুলিশ অভিযানে অংশ নেয়। তারা ইরান থেকে একটি নৌকাযোগে আগত ২৯ জনকে আটক করে, যারা সমুদ্রপথে ওমানে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
আটককৃতদের মধ্যে ২৭ জন পাকিস্তানি, একজন ইরানি ও একজন বাংলাদেশি রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা যায়, তারা সংগঠিতভাবে সীমান্ত পেরিয়ে ওমানে প্রবেশ করতে চেয়েছিলেন।
রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদেরকে বিচারিক কার্যক্রমের আওতায় আনা হবে। নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ওমান সরকার দীর্ঘদিন ধরেই অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আসছে। সমুদ্রপথে অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকায় কোস্ট গার্ড নজরদারি আরও জোরদার করেছে।










