ওমানের ডুবে যাওয়া একটি নৌকা থেকে দুই ওমানি নাগরিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পুলিশ। রোববার সকালে মুসান্নাহ উপকূলের কাছে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারীরা ডুবে যাওয়া নৌকাটি টেনে উপকূলে নিয়ে আসেন এবং দুই নাগরিককে নিরাপদে তীরে পৌঁছে দেন। তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগে শনিবার ওমান সাগরের উপকূলে এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন বাসিন্দারা। ধোফারের মিরবাতে সমুদ্রে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধারে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান পরিচালিত হয়। শেষমেশ এক কোস্ট গার্ড সদস্য এবং স্থানীয় আরও দুইজনের উপস্থিত বুদ্ধি এবং সাহসী পদক্ষেপে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে শিশুটি।
উদ্ধারের পর শিশুটি ছিল সম্পূর্ণ অচেতন। সঙ্গে সঙ্গেই শুরু হয় CPR — একটানা ২৫ মিনিট ধরে জীবন ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা চলে। অবশেষে, তাঁদের সেই চেষ্টা সফল হয়। জ্ঞান ফিরে আসে শিশুটির, ফিরে আসে তার নিঃশ্বাসের শব্দ।
আরও
এরপর দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা এখন স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।












