কুয়েত সরকার জানিয়েছে, গত বছরের জুলাই মাসে ‘কুয়েত ই-ভিসা’ প্ল্যাটফর্ম চালুর পর থেকে প্রায় ২ লাখ ৩৫ হাজার ভিজিট ভিসা অনুমোদন করা হয়েছে। নির্দিষ্ট কিছু দেশের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে দিয়ে বর্তমানে সব দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন উন্মুক্ত করা হয়েছে, যা দেশটির পর্যটন ও বাণিজ্য খাতকে চাঙ্গা করতে সহায়তা করছে।
একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, কুয়েতের ছয়টি গভর্নরেটের অভিবাসন বিভাগগুলোতে প্রতিদিন প্রায় ৬,০০০ ভিসা প্রক্রিয়া করা হচ্ছে। কোনো নির্দিষ্ট দেশের নাগরিকরা এতে প্রাধান্য পাচ্ছে না; আরব ও এশীয় দেশগুলোর আবেদনকারীদের সংখ্যা প্রায় সমান। সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত গালফ কাপ ‘গালফ জেইন ২৬’ উপলক্ষে দর্শনার্থীদের আগমন বাড়ায় ভিসার চাহিদাও বৃদ্ধি পায়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটক, ব্যবসায়ী বা পারিবারিক দর্শনার্থীরা সহজেই ভিসার জন্য আবেদন করতে পারছেন।
তবে কর্তৃপক্ষ দর্শনার্থীদের অবৈধভাবে কাজ করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে। আইন লঙ্ঘন করলে দর্শনার্থী এবং তার স্পনসর উভয়কেই নির্বাসিত করা হবে এবং তাদের কুয়েতে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এছাড়া, কম বেতনের অভিবাসীদের আত্মীয়দের ভিসা অনুমোদনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। সরকার একদিকে যেমন ভ্রমণ সহজ করছে, তেমনই অন্যদিকে নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করছে।













