সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আলওয়ার উদ্দিন হাজী আবু সৈয়দ ‘বিগ টিকিট আবু ধাবি’র সাপ্তাহিক ড্র-তে ১ মিলিয়ন দিরহাম জিতেছেন। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ছয় বছর নিয়মিত চেষ্টা চালানোর পর এবার তার ভাগ্য সহায় হয়—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকার সমান।
প্রতিবেদনে আরও জানানো হয়, আলওয়ার উদ্দিন গত ২১ বছর ধরে আল আইনে বসবাস করছেন। তিনি একা নয়, ৯ বন্ধুর একটি দলের সঙ্গে যৌথভাবে প্রতি মাসে লটারির টিকিট কিনতেন। ধারাবাহিকভাবে অংশ নেওয়ার পর সিরিজ ২৮৩-তে তাদের টিকিটটি বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।
জয়ের অনুভূতি জানাতে গিয়ে আলওয়ার উদ্দিন বলেন, খবরটি পেয়ে তিনি মুহূর্তের জন্য ‘স্তব্ধ’ হয়ে গিয়েছিলেন এবং এতদিন চেষ্টা করেও এমন পুরস্কার জয়ের কথা কল্পনা করেননি। অর্থের ব্যবহার নিয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি, তবে এই সাফল্য তাকে ভবিষ্যতেও অংশগ্রহণে আরও উৎসাহিত করেছে বলে জানান।
আরও
এদিকে বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসজুড়ে বিশেষ প্রচারণা চলছে। আগামী ৩ মার্চের মেগা ড্র-তে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে ১৫ মিলিয়ন দিরহাম। পাশাপাশি পাঁচজন বিজয়ী পাবেন ১ লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার, এবং পুরো মাসে সাপ্তাহিক ই-ড্র’র মাধ্যমে চারজনকে ৫০ হাজার দিরহাম করে পুরস্কার দেওয়ার ঘোষণা রয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, ১ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে একসাথে দুই বা তার বেশি টিকিট কিনলে নির্বাচিত অংশগ্রহণকারীরা ৩ মার্চের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে নিশ্চিত ক্যাশ পুরস্কার জেতার সুযোগ পাবেন। একই সঙ্গে ড্রিম কার সিরিজে রেঞ্জ রোভার ও মাসেরাতির মতো বিলাসবহুল গাড়ি জয়ের সুযোগও রাখা হয়েছে।












