আবুধাবির জনপ্রিয় লটারি আয়োজন “বিগ টিকিট লাইভ ড্র”-এ ফেব্রুয়ারির শুরুতেই বিভিন্ন দেশের ১১ জন প্রবাসী বড় অঙ্কের পুরস্কার জিতেছেন। বিজয়ীদের মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইনসহ একাধিক দেশের প্রবাসীরা রয়েছেন। আয়োজক সূত্রে জানা গেছে, নগদ অর্থের পাশাপাশি বিলাসবহুল গাড়িও রয়েছে এবারের পুরস্কার তালিকায়।
ড্রয়ের সর্বোচ্চ পুরস্কার ছিল ২০ মিলিয়ন (২ কোটি) দিরহাম। এ জ্যাকপট জিতেছেন ওমানে বসবাসরত ভারতীয় প্রবাসী শান্থানু শেট্টিগার। তিনি এক বন্ধুর সঙ্গে যৌথভাবে টিকিট কিনেছিলেন—ফলে পুরস্কারের অর্থ ভাগ হয়ে দু’জনের প্রত্যেকে ১০ মিলিয়ন (১ কোটি) দিরহাম করে পেয়েছেন।
এদিকে সান্ত্বনা পুরস্কার হিসেবে পাঁচজন বিজয়ী পেয়েছেন ১ মিলিয়ন দিরহাম করে। এদের মধ্যে আল আইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আবু সাঈদের নামও রয়েছে। আয়োজকদের তথ্যে, এই ক্যাটাগরিতে বিভিন্ন দেশের একাধিক প্রবাসী ভাগ্যবান হয়েছেন।
আরও
বাংলাদেশিদের মধ্যে আরও একজন বিজয়ী শারজাহপ্রবাসী শাহিন মিয়া, যিনি একটি বিএমডব্লিউ এক্স–৫ গাড়ি জিতেছেন। তিনি চাইলে গাড়ির বদলে সমমূল্যের নগদ অর্থ গ্রহণের সুযোগও পাবেন। এছাড়া মোহাম্মদ তৌহিদুল ও শওকত ইসলাম যথাক্রমে ১ লাখ ৫০ হাজার দিরহাম এবং ৯০ হাজার দিরহাম পুরস্কার পেয়েছেন।
আয়োজকেরা জানিয়েছে, আগামী মার্চের ড্রতে ১৫ মিলিয়ন দিরহামের আরেকটি বড় জ্যাকপট থাকছে—যা নতুন করে আরও অনেক প্রবাসীর ভাগ্য বদলের সম্ভাবনা তৈরি করছে।










