দক্ষ ও অভিজ্ঞ বিদেশি পেশাজীবীদের জন্য বড় ধরনের সুযোগ তৈরি করেছে দুবাই সরকার। স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, অবকাঠামো ও শিক্ষা খাতের আধুনিকায়নকে ত্বরান্বিত করতে দেশটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সরকারের অধীনে সাতটি নতুন সংস্থা গঠনের ফলে আগামী বছরে সরকারি খাতে শূন্যপদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭ হাজার ৮৪২টি। বিশেষত কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অটোমেশন ব্যবহারের বিস্তার নতুন প্রযুক্তিনির্ভর পদের চাহিদা বাড়িয়েছে। সরকার জানিয়েছে, এই পদগুলোতে বিদেশি দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দুবাই সরকারের অফিসিয়াল নিয়োগ পোর্টাল dubaicareers.ae–এর মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ডিজিটাল সার্ভিসেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, সিনিয়র বাস ডিপো ইঞ্জিনিয়ার, এইচআর বিজনেস অ্যাফেয়ার্স স্পেশালিস্ট, ইনোভেশন এক্সপার্ট, দুবাই মিডিয়া অফিসে এভি এডিটর, মাদা মিডিয়ায় সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার, ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট স্পেশালিস্টসহ বিভিন্ন পদ।
আরও
নিয়োগ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে অত্যন্ত প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে। এসব পদের মাসিক বেতন সর্বোচ্চ ৪০,০০০ দিরহাম পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকারও বেশি। বিশ্বের যেকোনো দেশ থেকেই যোগ্য প্রার্থীরা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন।
দুবাই সরকারের এই উদ্যোগকে প্রবাসী বিশেষ করে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য বড় ধরনের অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা খাতে অভিজ্ঞ পেশাজীবীদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।











