বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪–২৫ অর্থবছরে তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে ‘এনআরবি সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)’ মনোনীত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। চলতি বছরও সংখ্যার দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা কর্মরত।
ঘোষণায় জানানো হয়, নির্বাচিত ৮৬ জনের মধ্যে সর্বাধিক ৪১ জনই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী। বৈদেশিক মুদ্রা প্রেরণ, ব্যবসা সম্প্রসারণ ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আমিরাতপ্রবাসীদের ধারাবাহিক অবদান এ স্বীকৃতিতে আবারও প্রতিফলিত হয়েছে। বিশেষ করে বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য আমিরাত থেকে একাই ৪০ জন এনআরবি সিআইপি মর্যাদা পেয়েছেন।
মনোনীতদের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, সাতকানিয়া, পাঁচলাইশ, পটিয়া, চান্দগাঁও, চকবাজারসহ কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, মৌলভীবাজার, জামালপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি ও নরসিংদী জেলা থেকে বিপুলসংখ্যক প্রবাসীর অর্জন লক্ষণীয়। এটি দেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসীদের বিস্তৃত অবদানকে তুলে ধরে।
আরও
এ ছাড়া বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্যাটাগরিতে চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ জুলপিকার ওসমান সিআইপি মর্যাদা অর্জন করেছেন, যা আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
এনআরবি সিআইপি নির্বাচনে আমিরাতপ্রবাসীদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ইউএই প্রবাসী কমিউনিটি ও ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, প্রবাসীদের অবদান মূল্যায়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য সরকারের সহযোগিতা আরও বাড়বে।












