সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মনসুর আজাদ ফজলুল বিগ টিকিটের ড্র-এ এক লাখ দিরহাম জিতে নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ লাখ ৩০ হাজার টাকা। গালফ নিউজ জানায়, দীর্ঘ ছয় বছর ধরে ইউএইতে থাকা ৪২ বছর বয়সী এই ব্যবসায়ী টানা দুই বছর ধরে নিয়মিতভাবে বিগ টিকিট কিনছিলেন।
মনসুর সাধারণত বড় একটি বন্ধু-গ্রুপের সঙ্গে মিলে টিকিট কেনেন। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করেন—৫০ জন বন্ধুর সঙ্গে মিলে সংগ্রহ করা টিকিটেই আসে সৌভাগ্য। পুরস্কারের অর্থ সবাই ভাগ করে নেওয়ায় বিজয় পরিণত হয়েছে সম্মিলিত আনন্দে।
সম্প্রতি বিগ টিকিট জয়ে দক্ষিণ এশীয় প্রবাসীদের মধ্যে উৎসাহ বেড়েছে। ভারতীয় এক নারী প্রবাসী টানা দুই দিনে দুটি বিগ টিকিট জেতেন, আর প্রথমবারের চেষ্টায় ২ লাখ ৫০ হাজার দিরহাম জিতে নিয়েছিলেন এক বাংলাদেশি কাঠমিস্ত্রি। এ ধারাবাহিকতায় মনসুরের জয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে।
আরও
মনসুর জানান, ‘অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলাম। বিশ্বাস ছিল, ২০২৫ সালেই আমার ভাগ্য খুলবে। আলহামদুলিল্লাহ, তাই-ই হলো।’ পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন, তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি।
তবে তিনি আরও জানান, আশাবাদী মন নিয়েই তিনি ইতিমধ্যে চলতি মাসের ড্র-এর জন্য নতুন বিগ টিকিট কিনে ফেলেছেন।












