বলিউড সুপারস্টার শাহরুখ খান নামলেন নতুন এক ইতিহাসের পাতায়। তাঁর নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্মিত হতে যাচ্ছে ৫৫ তলা বিশিষ্ট একটি আকাশচুম্বী বাণিজ্যিক ভবন। Sheikh Zayed Road-এ নির্মিত এই ভবনটির নাম রাখা হয়েছে ‘Shah Rukh by Danube’। মুম্বাইয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রকল্পটির ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজেও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক–কোরিওগ্রাফার ফারাহ খান।
ওই অনুষ্ঠানে জানানো হয়, দানুব গ্রুপের উদ্যোগে নির্মিত টাওয়ারটি হবে প্রায় ১০ লাখ স্কোয়ার ফুট আয়তনের, যার ইউনিটগুলোর দাম শুরু হচ্ছে ১৭ লাখ দিরহাম থেকে। উদ্যোক্তা, উদ্ভাবক ও বিশ্বমানের ব্যবসায়ীদের জন্য ভবনটিকে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রকল্পের নকশায় শাহরুখ খানের উপস্থিতির ছাপও রাখা হয়েছে। ভবনের প্রবেশপথে স্থাপন করা হবে তাঁর বিখ্যাত হাত–ছড়িয়ে দাঁড়ানোর ভঙ্গির একটি বিশাল ভাস্কর্য, যেখানে দর্শনার্থী ও ভক্তরা ছবি তুলতে পারবেন। দানুব গ্রুপ জানায়, ২০২৯ সালের মধ্যেই টাওয়ারটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও
এ প্রকল্প নিয়ে নিজের অনুভূতি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শাহরুখ খান। তিনি লিখেছেন, দুবাইয়ের একটি স্থাপনায় তাঁর নাম যুক্ত হওয়া অত্যন্ত গর্বের ও আবেগময় মুহূর্ত। এই শহরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দুবাই তাঁর কাছে সবসময়ই উচ্চাকাঙ্ক্ষা, স্বপ্ন ও অসীম সম্ভাবনার প্রতীক। বিশ্বব্যাপী পরিচিত এই তারকার নামে বাণিজ্যিক ভবন নির্মাণকে দুবাইয়ের বৈশ্বিক ব্যবসায়িক প্রভাব ও শাহরুখ খানের জনপ্রিয়তার এক অনন্য সম্মিলন হিসেবেও দেখা হচ্ছে।












