সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট শিল্পপতি ও আল হাবতুর গ্রুপের চেয়ারম্যান খালাফ আল হাবতুর দেশের তরুণ-তরুণীদের দ্রুত বিয়ে করার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, যুবক-যুবতীদের জন্য এমন আইন থাকা উচিত যাতে তারা ২৭ বা সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে বিয়ে সম্পন্ন করে। তাঁর মতে, এটি সমাজের টিকে থাকা ও ঐক্যের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।
উপসাগরীয় দেশটিতে প্রবাসী ও অভিবাসীর সংখ্যা ক্রমেই বেড়ে চলায় আল হাবতুর এ ধরনের পরামর্শ দিয়েছেন। বর্তমানে আমিরাতের প্রায় ৮০ শতাংশ জনসংখ্যা বিদেশী, ফলে স্থানীয় নাগরিকদের পরিবার ও জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় সরকারের পাশাপাশি সমাজকেও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ৩০ বছরের ওপরে অবিবাহিত তরুণ-তরুণীদের অবস্থা দেখে তিনি দুঃখিত, কারণ এই তরুণরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ এবং জাতির ভবিষ্যৎ। আল হাবতুর মতে, পরিবার ছাড়া সমাজ টিকে থাকতে পারে না এবং সমাজ ভেঙে পড়লে দেশও দুর্বল হয়ে যায়।
আরও
খালাফ আল হাবতুর আরও উল্লেখ করেছেন, বিয়ে সমাজে স্থিতি আনে এবং জাতির ধারাবাহিকতা নিশ্চিত করে। তাই তরুণদের বিয়েতে দেরি না করার আহ্বান জানাচ্ছেন, কারণ সংসারই জীবনের উষ্ণতা ও অর্থবোধের মূল উৎস।
তিনি উল্লেখ করেছেন, সরকার ইতিমধ্যেই নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং বিয়ের সহায়তা দিয়ে পাশে আছে। সুতরাং আর্থিক অসুবিধাকে বিয়েতে দেরির অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।












