ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সংযোগ রক্ষাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু ‘কিং ফাহদ কজওয়ে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেতুটির তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হামলার জেরে সম্পূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল স্থগিত করা হয়েছে। ২৫ কিলোমিটার (১৫ দশমিক ৫ মাইল) দীর্ঘ কিং ফাহদ কজওয়ে মূলত সৌদি আরবের সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনের একমাত্র সরাসরি সড়ক যোগাযোগমাধ্যম।
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনাকর এক পরিস্থিতির মধ্যেই সেতুটি বন্ধের এই সিদ্ধান্ত সামনে এল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, মঙ্গলবারের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে ভয়াবহ বোমা হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের এই চূড়ান্ত সময়সীমা বা আলটিমেটামের কড়া জবাব দিয়েছে তেহরানও। এক পাল্টা হুঁশিয়ারিতে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের কোনো বেসামরিক অবকাঠামোতে আঘাত হানা হলে এর ‘বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়া হবে।










