ইরানের বিস্ফোরকবাহী ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার মধ্যরাতে ঘটা এই হামলার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীদের কয়েক ঘণ্টার টানা চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, রোববার মধ্যরাতে ইরানের ছোড়া বিস্ফোরকবাহী একটি ড্রোন সরাসরি দুবাই বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে আঘাত হানে। এতে বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে বিমানবন্দরের বিশাল এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ব্যাপক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফ্লাইট বাতিলের বিষয়ে এক্সে দেওয়া ওই বার্তায় আরও বলা হয়েছে, বিমানবন্দরে অবস্থানরত সব যাত্রী ও কর্মীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে যাবতীয় ফ্লাইট বাতিল করা হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাঁদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইটের সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া এ–সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিভিন্ন অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও
Dubai Civil Aviation Authority announces the temporary suspension of flights at Dubai International Airport as a precautionary measure to ensure the safety of all passengers and staff. Travellers are advised to contact their respective airlines for the latest updates regarding…
— Dubai Media Office (@DXBMediaOffice) March 16, 2026
উল্লেখ্য, বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রানজিট হাব হিসেবে পরিচিত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিন এই বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট উড্ডয়ন, অবতরণ ও যাত্রাবিরতি করে থাকে। বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ যাত্রী প্রতিদিন নিজেদের গন্তব্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি ব্যবহার করেন। ফলে এই হামলার কারণে বিশ্বব্যাপী আকাশপথে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।









