কুয়েত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলোতে বসবাসরত বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ চালুর ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ১১৪/২০২৪ ধারার এই সিদ্ধান্ত রোববার (১০ আগস্ট) সরকারি গেজেট কুয়েত আল-ইউম-এ প্রকাশিত হয়।
নতুন নিয়ম অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও বাহরাইনসহ জিসিসি অঞ্চলের যেকোনো দেশে ছয় মাসের বেশি মেয়াদী বৈধ রেসিডেন্স পারমিটধারীরা কুয়েতে এলে বিমানবন্দর বা স্থলবন্দরে সরাসরি পর্যটন ভিসা পাবেন। এতে এই শ্রেণির ভ্রমণকারীদের আর পূর্বানুমোদিত ভিসার প্রয়োজন হবে না।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ জানান, এই পদক্ষেপ দেশটির পর্যটন খাতকে উন্মুক্ত ও গতিশীল করবে। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন বলেন, এই সিদ্ধান্ত শুধু পর্যটন নয়, বরং ব্যবসা, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক অর্থনীতিকেও গতিশীল করবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
আরও
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ মনে করেন, এই উদ্যোগ কুয়েতের আতিথেয়তা, হোটেল, পরিবহন ও বিনোদন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক সাংবাদিক আ হ জুবেদ একে ‘খোলা দরজার নীতি’ আখ্যা দিয়ে বলেন, এটি কুয়েতের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি উভয়কেই শক্তিশালী করবে।
উল্লেখ্য, ১৯৮১ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন মিলে জিসিসি গঠন করে। সংস্থাটির লক্ষ্য পারস্পরিক অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা।











