বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পেতে নতুন ও কঠোর শর্ত জুড়ে দিয়েছে মিশর। ঢাকায় অবস্থিত মিশরীয় দূতাবাস সোমবার (৪ আগস্ট) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র তারাই মিশরে পৌঁছে ‘অন-অ্যারাইভাল ভিসা’ সুবিধা পাবেন, যাদের কাছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শেনজেন দেশসমূহ, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান কিংবা নিউজিল্যান্ডের ছয় মাসের বেশি মেয়াদ এবং পূর্বে ব্যবহৃত বৈধ ভিসা থাকবে। এ ধরনের যাত্রীরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ২৫ মার্কিন ডলার ফি দিয়ে ভিসা গ্রহণ করতে পারবেন।
তবে এই সুবিধা গ্রহণের জন্য ভ্রমণকারীদের ফেরত টিকিট এবং অন্তত ৫ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা সমপরিমাণ ব্যাংক ব্যালেন্সের প্রমাণ ইমিগ্রেশন কাউন্টারে প্রদর্শন করতে হবে।
আরও
মিশরীয় দূতাবাস বাংলাদেশি ভ্রমণেচ্ছুদের পরামর্শ দিয়েছে, ভ্রমণের আগে ভিসা সংক্রান্ত সব নিয়ম ও শর্ত ভালোভাবে জেনে নিতে, যাতে ভ্রমণের সময় কোনো ধরনের জটিলতা বা বিভ্রান্তির সম্মুখীন না হতে হয়।
এ ছাড়া, গালফ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিরাও নির্দিষ্ট শর্তসাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেতে পারেন। তবে তাঁদের অবশ্যই ছয় মাসের বেশি মেয়াদসম্পন্ন রেসিডেন্ট পারমিটে দক্ষ পেশাজীবী হিসেবে নিযুক্ত থাকতে হবে।










