পর্যটন খাতকে চাঙ্গা করতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ভারতসহ বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ করেছে শ্রীলঙ্কা সরকার। এই সিদ্ধান্তের ফলে এসব দেশের ভ্রমণকারীদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণ আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে পর্যটন খাতকে অন্যতম চালিকাশক্তি হিসেবে গুরুত্ব দিচ্ছে দেশটি।
ট্রাভেল অ্যান্ড লেইজার এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, শ্রীলঙ্কার মন্ত্রিসভা সম্প্রতি এই ভিসা ফি মওকুফের প্রস্তাব অনুমোদন করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এই পদক্ষেপের কথা নিশ্চিত করে বলেন, এতে স্বল্পমেয়াদে সরকারের কিছু রাজস্ব ক্ষতি হতে পারে, তবে বাড়তি পর্যটক আগমনের মাধ্যমে তা পুষিয়ে যাবে বলে সরকারের আশা।
এর আগে ভারত, চীন, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান ও ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য পাইলট প্রকল্পের আওতায় ৩০ দিনের বিনামূল্যের ভিসা সুবিধা চালু ছিল। এই সুবিধার সময়সীমা ও পরিসর সম্প্রসারণ করে নতুন করে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ইরান ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশকে। এখন পর্যন্ত যারা দক্ষিণ এশিয়ার বাইরে থেকে শ্রীলঙ্কায় আসতেন, তাদের ৫০-৬০ ডলার ভিসা ফি গুণতে হতো। নতুন নিয়মে এই ব্যয় সম্পূর্ণ মওকুফ হবে।
আরও
শ্রীলঙ্কা চলতি বছর ৩০ লাখ পর্যটক আকর্ষণ করে প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করতে চায়। গত বছর দেশটিতে প্রায় ২০ লাখ ৫০ হাজার বিদেশি পর্যটক ভ্রমণ করেছিল, যা থেকে আয় হয়েছিল প্রায় ৩ বিলিয়ন ডলার। বিদেশি পর্যটকদের মধ্যে ভারতীয়দের অবস্থান শীর্ষে, এরপর রয়েছে যুক্তরাজ্য ও রাশিয়ার পর্যটকরা।
পর্যটন প্রচারে জোর দিতে শ্রীলঙ্কা গত মার্চে ১২ জন আন্তর্জাতিক ভ্রমণ ভ্লগারকে আমন্ত্রণ জানিয়ে বিশেষ ক্যাম্পেইন চালু করে, যেখানে দেশটির সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলো তুলে ধরা হয়। যদিও চলতি বছরের জুলাই মাসে ক্যান্ডির ঐতিহ্যবাহী এসালা পেরাহেরা উৎসবকে ঘিরে ২ লাখ ৭৭ হাজার পর্যটকের প্রত্যাশা থাকলেও এসেছে মাত্র ১ লাখ ৪৫ হাজার। তবু এ পর্যন্ত মোট ১৩ লাখ পর্যটক ভ্রমণ করেছে শ্রীলঙ্কায়, যা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি।












